নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের কবলে অস্ত্র খুঁয়িয়েছে পুলিশের এএসআই

দায়িত্ব পালনের সময় টয়লেটে গেলে টিম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি। তার সাথে মোটরসাইকেলও ছিল।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
নারায়ণগঞ্জ সদর মডেল থানা
নারায়ণগঞ্জ সদর মডেল থানা |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জ শহরে ছিনতাইয়ের শিকার হয়েছেন লুৎফর রহমান নামে দায়িত্বরত পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই)। এসময় ছিনতাইকারীরা তার সরকারি পিস্তলটি লুট করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার।

সোমবার (৯ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার সাংবাদিকদের বলেন, ‘লুৎফর রহমান নামে একজন পুলিশ সদস্য অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় টয়লেটে গেলে টিম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি। তার সাথে মোটরসাইকেলও ছিল। এসময় পথে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে এবং সাথে থাকা সরকারি পিস্তলটি লুট করে নিয়ে যায়।’

ঘটনার সময় ওই পুলিশ সদস্য পুলিশের পোশাকে ছিলেন বলেও জানান পুলিশ সুপার।

স্থানীয়রা জানান, নিতাইগঞ্জ এলাকার এ অংশটিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন ও সরকারি দু’টি হাসপাতাল থাকলেও এটি ছিনতাই প্রবণ এলাকা। প্রায়ই পথচারীরা এখানে ছিনতাইয়ের শিকার হন।

অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, ‘ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।’