সিলেটে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

মনোজ কান্তি দাসের স্ত্রী (স্কুলশিক্ষিকা) গত বছর সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর থেকে তিনি শ্বশুরবাড়ির ওই বাসার দ্বিতীয় তলায় একা বসবাস করতেন। পরিবারের অন্য সদস্যরা নিচতলায় থাকতেন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
লাশ উদ্ধার করা হচ্ছে
লাশ উদ্ধার করা হচ্ছে |নয়া দিগন্ত

সিলেট নগরীর বাগবাড়ি এলাকার একটি বাসা থেকে মনোজ কান্তি দাস নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মঈনুল জাকির।

এর আগে, মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত মধ্যরাতে নগরের বাগবাড়ি নরসিংটিলা এলাকার প্রমুক্ত একতা-২৫৯ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মনোজ কান্তি দাস সুনামগঞ্জের শাল্লা উপজেলার নারকিলা গ্রামের পরলোকগত মহিম চন্দ্র দাসের ছেলে। তিনি সম্প্রতি মৌলভীবাজারে কর্মরত অবস্থায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদ থেকে অবসরে যান।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মনোজ কান্তি দাসের স্ত্রী (স্কুলশিক্ষিকা) গত বছর সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর থেকে তিনি শ্বশুরবাড়ির ওই বাসার দ্বিতীয় তলায় একা বসবাস করতেন। পরিবারের অন্য সদস্যরা নিচতলায় থাকতেন।

মঙ্গলবার রাতে তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় এবং কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষের মেঝে থেকে তার লাশ উদ্ধার করেন।

এসএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মঈনুল জাকির জানান, নিহতের নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যেতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।