ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জুলাই গণহত্যার বিচার দাবিতে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) বিকেলে ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে জেলা জামায়াতের উদ্যোগে এ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা শহরসহ বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
সমাবেশ শেষে গণমিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে জামায়াতের ঝালকাঠি জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ হাফিজুর রহমান, নায়েবে আমির অ্যাডভোকেট বি এম আমিনুল ইসলাম, জেলা সেক্রেটারি ফরিদুল হক প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে দ্রুত জুলাই জাতীয় সনদ কার্যকর, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে।



