ঢাকার আশুলিয়ায় বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসির সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার জিরানী-আমতলা সড়কের জিরানী বাজার এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে তারা এক ঘণ্টা কলম বিরতি পালন করেন।
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক রাশেদ হোসাইনের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব সোহরাব হোসেন।
বক্তারা অভিযোগ তুলে বলেন, সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলম ফ্যাসিবাদের দোসর ছিলেন। আওয়ামী আমলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। এস আলম গ্রুপ এ ব্যাংকে লুটপাট করেছে। আমরা অবিলম্বে তার অপসারণ চাই এবং আগের চেয়ারম্যানের বহাল দাবি করছি।
এ সময় তারা ৭ দফা দাবি পেশ করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংকে নিয়োগ করা চেয়ারম্যান খুরশিদ আলমকে পদত্যাগ, ওমর ফারুক খানকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে পূর্ণবহাল, লুটপাটের সাথে জড়িত কাউকে ইসলামী ব্যাংকের বোর্ডে না রাখা।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের গ্রাহক মো: ওমর ফারুক, মো: হাবীবুল ইসলাম, মো: মনিরুজ্জান, জাফর হোসেন চুন্নু, মাঈনুদ্দিন নশু, শরীফ হোসাইন প্রমুখ।



