ভোলার চরফ্যাশনে এক নুরানী ও হাফেজী মাদরাসার শিক্ষককের বিরুদ্ধে ছাত্রকে হেনস্থার অভিযোগ ওঠায় তার গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বেলা ১১টার দিকে চরফ্যাশন সদর রোডে উপজেলার আলেম সমাজের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভে কয়েক শ’ ওলামায়ে কেরাম ও সর্বস্তরের জনতা অংশ নেন।
এ সময় বক্তারা এ ঘটনাকে আলেম সমাজের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে অতি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, কোনো প্রকার তথ্য-প্রমাণ বা আইনী প্রক্রিয়া ছাড়াই একজন ধর্মীয় শিক্ষককে জনসম্মুখে এভাবে অপদস্ত করা মানবাধিকারের লঙ্ঘন।
তারা আরো বলেন, যদি কেউ অপরাধ করে থাকে, তবে দেশে প্রচলিত আইন ও বিচার ব্যবস্থা আছে। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে মব জাস্টিসের নামে সম্মানহানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মানববন্ধনে থেকে মুসলিম উম্মাহর ঐক্য এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষার তাগিদ দেয়ার পাশাপাশি স্পর্শকাতর ইস্যুতে সাধারণ মানুষকে গুজব থেকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।
একইসাথে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ ঘটনার মূল হোতাদের গ্রেফতার করা না হলে আরো কঠোর ও ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়। পরে আলেমদের একটি দল উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেন।
উল্লেখ্য, শনিবার দিবাগত রাতে মাদ্রাজ ইউনিয়নের হাফেজী ও নুরানী মাদরাসার শিক্ষক মুফতি আব্দুল্লাহ আল নোমান নামের এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে হেনস্থার অভিযোগ ওাঠায় স্থানীয় একটি মহল ওই শিক্ষকের গলায় জুতা ও ঝাড়ুর মালা দিয়ে অপদস্ত করে।



