ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে উজ্জ্বল হোসেন (৩৫) নামের এক যুবক আহত হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) ভোর রাতে মহেশপুর ৫৮ বিজিবির শ্যামকুড় বিজিবি ক্যাম্পের মেইন পিলার ৬০/৪-৫-এর প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে ফটিককারী নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহত উজ্জ্বল হোসেন মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের মাইলবাড়িয়া বসতি পাড়া গ্রামের বাসিন্দা তোতা মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, উজ্জ্বল হোসেন বুধবার ভোরে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ ফটিককারী ক্যাম্পের টহল দল তাকে লক্ষ্য করে এক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন।
স্থানীয় এক ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) নাম প্রকাশ না করার শর্তে জানান, আহত উজ্জল হোসেন সীমান্তে মাদক চোরাচালানের সাথে জড়িত থাকতে পারে এবং পারাপারের সময় এ ঘটনা ঘটতে পারে। এর বাইরেও আরো কিছু থাকতে পারে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে বিজিবি বা পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।



