বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য দফায় দফায় বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা সরকারের বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির তীব্র সমালোচনা করে বলেন, জনগণ আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠছে। অথচ এই সময়ে বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করে সরকার জনগণের ওপর নির্মম খড়্গ চালাচ্ছে। যা কখনোই মেনে নেয়ার মতো নয়।
সরকারের দখল ও দলীয়করণের প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, সরকার দেশের জেলা পরিষদ ও সিটি করপোরেশনগুলোতে দলীয় প্রশাসক বসিয়ে জনগণের ওপরে বিএনপির দলীয় নেতাদের চাপিয়ে দিয়েছেন। প্রশাসকরা তাদের দলীয় অ্যাজেন্ডা বাস্তবায়ন করছেন। তারা ফ্যাসিস্ট সরকারের মতো, আর্থিক ও শিক্ষা প্রতিষ্ঠান দখলের মহোৎসব শুরু করছেন। আপনারা যদি ফ্যাসিস্ট হতে চান আপনাদের অবস্থাও ফ্যাসিস্ট হাসিনার মতো হবে। তাই সময় থাকতে সতর্ক হন।
রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী জামায়াতের আরেক নায়েবে আমির ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, শাহাদৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ব্যবসা ও কল্যাণ সম্পাদক অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ প্রমুখ।



