গাজীপুরে অবৈধ পলিথিন কারখানায় অভিযান

অবৈধ পলিথিন উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে র‌্যাবের অভিযানে দু’টি প্রতিষ্ঠান সিলগালা ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
পলিথিন কারখানায় র‌্যাবের অভিযান পরিচালনা করা হচ্ছে
পলিথিন কারখানায় র‌্যাবের অভিযান পরিচালনা করা হচ্ছে |নয়া দিগন্ত

গাজীপুরে অবৈধ পলিথিন উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে দু’টি প্রতিষ্ঠান সিলগালা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তিনজনকে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে অবৈধ পলিথিন উৎপাদনের দায়ে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) রাত ১১টার দিকে র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত গাজীপুরের গাছা ও টঙ্গী পূর্ব থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-১-এর সিপিসি-১-এর সদস্যদের সাথে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সালেহুর রহমান ও নূর নাহিন নিশাদ এবং পরিবেশ অধিদফতর, গাজীপুরের পরিদর্শক মো: রাকিবুল হাসান অভিযানে অংশ নেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাছা থানার মাদবর বাড়ি এলাকায় আব্দুল খালেক সরকারকে অবৈধভাবে পলিথিন ব্যাগ উৎপাদন ও বিক্রির দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে এক লাখ ৫০ হাজার টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তার কারখানা থেকে ৫৩১ কেজি পলিথিন রোল ও ৪৭৯ কেজি পলিথিনের দানা (কাঁচামাল) জব্দ করা হয়। পরে কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ করে সিলগালা করা হয়।

অন্যদিকে, টঙ্গী পূর্ব থানার শিল্প জোনের হকের মোড় এলাকায় শহিদুল্লাহকে একই অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। তার কারখানা থেকে এক হাজার ৩৭২ কেজি পলিথিন রোল, ৩০২ কেজি পলিথিনের দানা ও ১৮২ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়। পরে কারখানাটি সিলগালা করে দেয়া হয়।

এ ছাড়া হকের মোড় এলাকার টিটুকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ৫০ হাজার টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আরো ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে মোট এক হাজার ৯০৩ কেজি পলিথিন রোল, ১৮২ কেজি পলিথিন ব্যাগ ও ৭৮১ কেজি পলিথিনের দানা জব্দ করা হয়। জব্দ করা এসব সামগ্রী পরিবেশ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়েছে। জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেয়ার প্রক্রিয়া চলছে। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপারেশনস ও মিডিয়া) শাহ আলম বলেন, ‘অবৈধ পলিথিন উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশের জন্য ক্ষতিকর এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’