নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের নগরকান্দায় মাহমুদা (৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার তারাকান্দি গ্রামের রেললাইনের পাশের পারিবারিক কবরস্থানের নিকট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সে ওই গ্রামের ইদ্রিস মোল্ল্যার মেয়ে। এবং চার ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিল।
শিশুটিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে।
নিহত শিশুর চাচা মিজানুর রহমান জানান, শনিবার বিকেল ৫টার দিকে মাহমুদা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে স্থানীয়দের জানানো হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করে।
তিনি অভিযোগ করেন, প্রতিবেশী বাবলু শেখের সাথে দীর্ঘদিন ধরে তাদের টাকা-পয়সা নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই তার ভাতিজিকে হত্যা করা হয়েছে বলে পরিবারের সন্দেহ।
এ ঘটনায় বাবলু শেখের মেয়ে ফাতেমা আক্তারকে আটকের সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রায় ১ মিনিট ২৫ সেকেন্ডের ওই ভিডিওতে ফাতেমাকে বলতে শোনা যায়, ১০ টাকা নিয়ে বিরোধের জেরে তার ভাতিজি ইট দিয়ে মাথায় আঘাত করে মাহমুদাকে হত্যা করেছে। তবে ভিডিওটির বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মাদ আল ফাহাদ বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে।’
তিনি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।



