কুমিল্লার বুড়িচং উপজেলার নোয়াপাড়ায় অবস্থিত স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দারুস সুন্নাহ মাদরাসার ছাত্র হাফেজ মো: আবু বক্কর দেশের কওমি শিক্ষাঙ্গনে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় হিফজুল কোরআন (৩০ পারা) বিভাগে অংশগ্রহণ করে সারাদেশের সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন।
তার এই কৃতিত্বে শুধু তার পরিবার নয়; মাদরাসা ও পুরো বুড়িচংবাসীর মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ বিরাজ করছে।
জানা যায়, ছোটবেলা থেকেই আবু বক্কর অত্যন্ত মেধাবী, পরিশ্রমী ও দ্বীনি শিক্ষার প্রতি গভীর অনুরাগী ছিলেন। তার নিরলস প্রচেষ্টা, অধ্যবসায় ও শিক্ষকদের সঠিক দিকনির্দেশনাই তাকে এই অসাধারণ সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে।
হাফেজ আবু বক্করের বাবার নাম মো: আশরাফ উদ্দিন। তিনি ছেলের এই অর্জনে মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে মাদরাসার প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার মাওলানা মুজিবুর রহমান বলেন, ‘আবু বক্কর আমাদের প্রতিষ্ঠানের গর্ব। তার এই সাফল্য প্রমাণ করে যে, আন্তরিক চেষ্টা ও সঠিক দিকনির্দেশনা থাকলে যেকোনো শিক্ষার্থী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে।’
মাদরাসার পরিচালক মো: হুমায়ুন কবির স্বপনও উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এই অর্জন শুধু আবু বক্করের ব্যক্তিগত সাফল্য নয়; এটি আমাদের প্রতিষ্ঠানেরও একটি বড় অর্জন। আমরা তার জন্য দোয়া করি, সে যেন ভবিষ্যতে আরো বড় আলেম হিসেবে দেশের ও ইসলামের খেদমতে আত্মনিয়োগ করতে পারে।’
মাদরাসা কর্তৃপক্ষ জানায়, আবু বক্করের এই কৃতিত্ব ভবিষ্যতে অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তার আরো সাফল্য প্রার্থনা করেন।



