মুন্সীগঞ্জে খাল পুনঃখননের উদ্বোধন পানিসম্পদ মন্ত্রীর

বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী এলাকায় প্রধান অতিথি হিসেবে তিনি এ খনন কাজের উদ্বোধন করেন।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Gazaria
হোসেন্দী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি
হোসেন্দী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের গজারিয়ায় কৃষি ও মৎস্য সম্পদের উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে দুই দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ হোসেন্দী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন পানিসম্পদ মন্ত্রী মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী এলাকায় প্রধান অতিথি হিসেবে তিনি এ খনন কাজের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘বর্তমান সরকার তার নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর। ইশতেহার অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই বিএনপি সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, ‘এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে হোসেন্দী ইউনিয়নের কৃষি ও পানি নিষ্কাশন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে। পর্যায়ক্রমে গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হবে।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম প্রকল্পের কারিগরি দিক তুলে ধরে জানান, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের অর্থায়নে দুই দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ এ খালটি পুনঃখনন করা হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরের এ প্রকল্পে বরাদ্দ দেয়া হয়েছে ৪৯ লাখ ৭৫ হাজার ৯৫৪ টাকা। খালটি পুনঃখনন সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকায় জলাবদ্ধতা নিরসন হবে এবং সেচ সুবিধা বৃদ্ধির ফলে কৃষি ও মৎস্য উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব, জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) ডা: হামিদা মুস্তফা ও গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলীসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।