নীলফামারীতে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় শিশুদের হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জেলায় দু’লাখ ১০ হাজার ২৬৯ শিশুকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় শহরের ইপিআই ভবনে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘হামমুক্ত বাংলাদেশ গড়তে এ ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ। কোনো শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে।’
অভিভাবকরা কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়া ও নির্ধারিত সময়ে সকল শিশুকে টিকা দেয়ার আহ্বান জানান তিনি।
সিভিল সার্জন ডা: আব্দুর রাজ্জাক বলেন, ‘আজ থেকে ১০ মে পর্যন্ত জেলাজুড়ে এ ক্যাম্পেইন চলবে। এতে ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে বিনামূল্যে এক ডোজ টিকা দেয়া হবে। জেলার ছয়টি উপজেলা ও দু’টি পৌরসভায় মোট এক হাজার ১৬টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।’
এ সময় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, সিভিল সার্জন ডা: আব্দুর রাজ্জাক, নীলফামারী পৌরসভার প্রশাসক মো: সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) মো: ফারুক আহমেদ, জেলা বিএনপির সদস্য আহ্বায়ক মীর সেলিম ফারুকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।



