সিলেটে হামে কিশোরীর মৃত্যু

স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৩১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত রোগী শনাক্ত হয়নি।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটের ম্যাপ
সিলেটের ম্যাপ |ফাইল ছবি

সিলেটে ফের হামে মৃত্যু হয়েছে। এবার মৌলভীবাজারের জুড়ি উপজেলার ১৮ বছর ৮ মাস বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই সময়ে নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত না হলেও উপসর্গ নিয়ে আরো ১১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪৬৬ জন সন্দেহজনক হাম রোগী।

রোববার (৬ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১১২ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৫ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৩ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে দুইজন, নর্থ ইস্ট মেডিক্যাল হাসপাতালে দুইজন, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৩ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, গোলাপগঞ্জে সাতজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে আটজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন রয়েছেন।

বর্তমানে চিকিৎসাধীন ৪৬৬ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৯১ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৪১ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট মেডিক্যাল হাসপাতালে পাঁচজন, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৪ জন, বিয়ানীবাজারে ছয়জন, গোলাপগঞ্জে আটজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে সাতজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪৪ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৩১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত রোগী শনাক্ত হয়নি।

এদিকে নতুন করে এক কিশোরীর মৃত্যু হওয়ায় চলতি বছরে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৮ জনে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৪৮ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৬৪, হবিগঞ্জে ২১, মৌলভীবাজারে ১৪ এবং সুনামগঞ্জে ৫৯ জনের মৃত্যু হয়েছে।

একদিনে ১১২ জনের হাসপাতালে ভর্তি এবং ফের মৃত্যুর ঘটনায় সিলেটে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে।