নওগাঁর পোরশায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রায়হান কবির (২৮) নামে এক কওমি মাদরাসাশিক্ষকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দয়াহার শেখপাড়া মাদরাসা পুকুরে এ ঘটনা ঘটে।
রায়হান কবির চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার দামদিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি দয়াহার শেখপাড়া কওমি মাদরাসায় শিক্ষকতা করতেন।
জানা গেছে, দুপুরে মাদরাসা-সংলগ্ন পুকুরে গোসল করতে নামেন শিক্ষক রায়হান কবির। এক পর্যায়ে তিনি সাঁতার কেটে পুকুরের মাঝামাঝি পৌঁছালে হঠাৎ পানির নিচে তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে মাদরাসার অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা দ্রুত সাঁতরে গিয়ে তাকে পানির নিচ থেকে উদ্ধার করে পুকুরের পাড়ে নিয়ে আসে। তারা তাকে দ্রুত পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হান কবিরকে মৃত ঘোষণা করেন।
পোরশা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।



