সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের পুরান চান্দবাড়ী গ্রামের শ্রমিক আকমল হোসেনের (৩৭) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
জানা যায়, নিহত আকমল হোসেন পেশায় একজন শ্রমিক। তার স্ত্রী ও ছোট ছোট পাঁচ সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনিই।
পরিবারের খাবারের চাহিদা মেটাতে গ্রামের পাশের উপজেলার বল হাওরে সোমবার (৩ আগস্ট) সন্ধ্যার পর তার বাড়ি থেকে মাছ ধরতে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার (৩ আগস্ট) সন্ধ্যার পর জাল ও নৌকা নিয়ে বল হাওরে মাছ ধরতে যান মো: আব্দুল জলিলের ছেলে আকমল হোসেন (৩৭)। এরপর তিনি আর বাড়িতে আসেননি। এতে পরিবার ও প্রতিবেশীদের মাঝে উদ্বেগ দেখা দেয়। সারা রাত অপেক্ষার পর মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকে তার পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন তাকে খোঁজাখুঁজি করেন। এ ঘটনায় আকমলের বড় ভাই মকবুল হোসেন মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরে তার পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয়রা হাওরে খুঁজতে খুঁজতে বিকেল প্রায় ৩টায় বল হাওরে তার মাছ ধরার নৌকা দেখতে পান। সেখানে গিয়ে নৌকার পাশেই আকমল হোসেনের লাশ দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: আখতারুজ্জামান তালুকদার জানান, আকমল হোসেন নিখোঁজ হওয়ার পর বল হাওরে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বন্দে আলী বলেন, ‘লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রিপোর্টের পর পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’



