সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সবচেয়ে গুরুত্বপূর্ণ থানা কোতোয়ালি থেকে মাত্র কয়েক গজ দূরে কিন ব্রিজ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে কিন ব্রিজের নিচে আলী আমজাদের ঘরের পাশে অনেক মানুষের সামনেই এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত ডালিম আহমদ (৩৫) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা এলাকার লোকমান মিয়ার ছেলে।
এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মুহাম্মদ সাইফুল ইসলাম রাত ১টায় নয়া দিগন্তকে জানান, ছিনতাইকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই যুবককে ছুরি দিয়ে আঘাত করে সবার সামনে দিয়ে হেঁটে চলে যায় খুনি। তার হাতে ধারালো অস্ত্র থাকায় কেউ তাকে ধরতে বা এগিয়ে আসতে সাহস করেননি। ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে যায়।



