জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে ওয়ার্কশপ অন ফটোগ্রাফি অ্যান্ড ভিজুয়্যাল কমিউনিকেশন শীর্ষক আলোকচিত্র কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে বিভাগের মিডিয়া ল্যাবে কর্মশালার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আশরাফুল আলম।
তিনি বলেন, ‘ফটোজার্নালিজম বর্তমান গণমাধ্যমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। একটি শক্তিশালী আলোকচিত্র অনেক সময় হাজার শব্দের চেয়েও বেশি কথা বলে। শিক্ষার্থীদের এ ধরনের আয়োজন বাস্তবধর্মী শিক্ষার সুযোগ তৈরি করে।’
এ সময় তিনি বিভাগের শিক্ষার্থীদের ভিজ্যুয়াল জার্নালিজমে দক্ষ হয়ে ওঠার আহ্বান জানান।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন রয়টার্সের টেলিভিশন করেসপনডেন্ট স্যাম জাহান ও প্রথম আলোর চিফ ফটো জার্নালিস্ট কবির হোসাইন।
কর্মশালার প্রথম সেশন সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত পরিচালনা করেন কবির হোসেন। এ সময় তিনি নিজের তোলা বিভিন্ন আলোকচিত্রের কম্পোজিশন, ফ্রেম, লাইটিং ও ভিজ্যুয়াল উপস্থাপনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ফটোজার্নালিজমে গল্প বলার কৌশল এবং একটি ছবির সংবাদমূল্য নির্ধারণের বিভিন্ন দিক তুলে ধরেন।
দ্বিতীয় সেশন অনুষ্ঠিত হয় দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত। সেশনটি পরিচালনা করেন স্যাম জাহান। তিনি ভিজুয়্যাল কমিউনিকেশন অ্যান্ড ফটোগ্রাফি এজ এ প্রোফোশনাল বিষয়ে আলোচনা করেন। এ সময় সংবাদমাধ্যমে আলোকচিত্রের গুরুত্ব, ভিজ্যুয়াল স্টোরিটেলিং, আন্তর্জাতিক গণমাধ্যমে কাজের অভিজ্ঞতা এবং পেশা হিসেবে ফটোজার্নালিজমের সম্ভাবনা নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন।
এরপর দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত ক্যামেরার চোখে পুরান ঢাকা শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একইসাথে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদপত্র দেন বিভাগের শিক্ষকরা।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



