সারাদেশে নির্বাচনী কার্যক্রমে নারীদের ওপর হামলা, হেনস্তা ও কটূক্তির প্রতিবাদে যশোর-২ আসনের চৌগাছা উপজেলা জামায়াতে ইসলামীর নারী বিভাগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে চৌগাছা পৌর শহরের কামিল মাদরাসা ময়দানে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ বিশ্বাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের ১১ দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা: মোসলে উদ্দীন ফরিদ।
প্রধান অতিথির বক্তব্যে মোসলে উদ্দীন ফরিদ বলেন, ‘আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই, কোনো বিশৃঙ্খলা চাই না। কিন্তু কেউ যদি আমাদের সাথে বিশৃঙ্খলা করতে আসে, আমরা ছাড় দেবো না। মা-বোনদের দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। এদেশের মানুষ আগামীতে জামায়াতকেই ক্ষমতায় দেখতে চায়।’
নারী বক্তারা বলেন, নির্বাচনী পরিবেশে নারীদের ওপর সহিংসতা ও অশালীন আচরণ মানবাধিকার লঙ্ঘনের শামিল। এসব ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে অন্যথায়, কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-২ আসনের নির্বাচন পরিচালক অধ্যাপক জয়নাল আবেদীন, নারী জামায়াত নেত্রী নাসরিন পারভিন ফরিদ, যশোর নারী জামায়াতের নেত্রী সেলিনা আক্তার, নেত্রী শাহানা আক্তার, ঝিকরগাছা উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারী তহমিনা খাতুন শিখা, চৌগাছা নারী জামায়াত নেত্রী শাহিনা আক্তার, চৌগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার রহিদুল ইসলাম খান প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নূরুল ইসলাম, চৌগাছা উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, পৌর জামায়াতের সেক্রেটারি ডা: জিল্লুর রহমান প্রমুখ।
সমাবেশ শেষে কামিল মাদরাসা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এ সময় মিছিলে অংশ নেয়া নারীদের দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। মিছিলটি শহরের প্রধান প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।



