চুয়াডাঙ্গায় গুণগত মান বজায় রেখে বাজারজাত নিশ্চিত করতে আনুষ্ঠানিক ভাবে আম সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৩ মে) সকালে চুয়াডাঙ্গা কৃষি বিভাগের আয়োজনে পৌরসভার সরকারী আদর্শ মহিলা কলেজপাড়ায় মহলদার আমবাগানে আম সংগ্রহের উদ্বোধন করা হয়। এ সময় গাছ থেকে আম পেড়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা আম ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস মহলদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার। সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আব্দুল করিম বিশ্বাস, জেলা বিপণন কর্মকর্তা শহিদুল ইসলামসহ আমচাষি সমিতির নেতারা।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক লুৎফুন নাহার।
এ সময় তিনি বলেন, ‘দেশের মধ্যে চুয়াডাঙ্গা একটি আম সমৃদ্ধ জেলা। এ জেলার উৎপাদিত আমের স্বাদ ও সুখ্যাতি রয়েছে দেশজুড়ে। আমের সরবরাহ ও বাজারজাতকরণে যাতে কোনো সমস্যা না হয়, আমরা সেদিকে খেয়াল রাখব। আমের খ্যাতি ধরে রাখতে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রস্তুত করা হয়েছে। ক্যালেন্ডার অনুযায়ী জাত ভেদে আম সংগ্রহ শুরু হলো। এছাড়া আমে যাতে কেউ কোনো ধরনের ক্ষতিকর দ্রব্য কিংবা ফরমালিন মেশাতে না পারে, সে ব্যাপারে সজাগ রয়েছে প্রশাসন। বিষয়ে আমচাষিসহ সবাইকে সতর্ক থাকতে হবে।’
জেলা প্রশাসনের ঘোষিত আম ক্যালেন্ডার অনুযায়ী ১৩ মে থেকে আঁটি, গুটি, বোম্বাই, খিরসাপাতি ও গোপালভোগ জাতের আম সংগ্রহ শুরু হয়েছে। এরপর ২০ মে থেকে হিমসাগর, ২৫ মে থেকে ল্যাংড়া, ৫ জুন থেকে আম্রপালি (বারি আম-৩), ১৫ জুন থেকে ফজলী, ২০ জুন থেকে হাঁড়িভাঙ্গা ও ব্যানানা, ৩০ জুন থেকে আশ্বিনা (বারি আম-৪), ৫ জুলাই থেকে কার্টিমন এবং গৌড়মতি (বারি আম-১২) জাতের আম সংগ্রহ করা যাবে।



