রংপুরে বিয়ের বাস পুকুরে, নিহত ৩

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে চালকসহ তিনজনের মৃত্যু হয়।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ করছেন
স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ করছেন |নয়া দিগন্ত

রংপুরের পীরগাছায় একটি বিয়ের অনুষ্ঠানের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে তিনজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) মধ্যরাতে উপজেলার বেলতলী এলাকায় এই দুর্ঘটনা হয়।

নিহতরা হলেন পীরগঞ্জের প্রজাপাড়ার মরহুম আব্দুল হাকিমের ছেলে হিটলু মিয়া (৪০), নগরীর বাবুপাড়া এলাকার পরলোকগত জগদিশ চন্দ্রের স্ত্রী অমৃত বালা (৮০) ও হাজিরহাট বাংলাবাজার এলাকার শ্যামল চন্দ্রশীলের স্ত্রী শান্তারানী (৫০)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের সবার মৃত্যু হয়েছে।

পীরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ আল আমিন জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকা থেকে বৌভাত খেয়ে রংপুর সদর উপজেলার শ্যামপুর হাটে ফেরার পথে সনাতন ধর্মাবলম্বীদের যাত্রীবাহী একটি বাস গাইবান্ধা-সুন্দরগঞ্জ মহাসড়কের বেলতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি পাশের পুকুরে পড়ে যায়।

পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে চালকসহ তিনজনের মৃত্যু হয়।

ওসি আরো জানান, দুর্ঘটনা-কবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন শিশু, অনেকেই চিকিৎসা নিয়ে চলে গেছেন।