শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
সাতক্ষীরার শ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে উপজেলা প্রেসক্লাব ভবনে অনধিকার প্রবেশ এবং সভাপতি ছামিউল আযম মনিরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রেসক্লাব চত্বরে ‘শ্যামনগর উপজেলা প্রেসক্লাব’ ও ‘শ্যামনগর সাংবাদিক সমাজ’ -এর যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সহযোগী সদস্য আব্দুল আহাদের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা বলেন, পেশাজীবী সংগঠন উপজেলা প্রেসক্লাব ভবনে প্রকাশ্যে প্রবেশ করে সভাপতির ওপর হামলার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।
তারা অভিযোগ করেন, উপজেলা যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুরের নেতৃত্বে সংঘটিত এ হামলা পূর্বপরিকল্পিত ছিল। ঘটনার আগে পুলিশকে অবহিত করা হলেও সময়মতো কার্যকর ব্যবস্থা না নেয়ায় হামলাকারীরা নির্বিঘ্নে প্রেসক্লাব কার্যালয়ে প্রবেশ করে মারধরের ঘটনা ঘটাতে সক্ষম হয়।
তারা অবিলম্বে হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সাথে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, সোমবার আনোয়ারুল ইসলাম আঙ্গুরের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী প্রেসক্লাব ভবনে প্রবেশ করে সভাপতির উপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় শ্যামনগর থানায় ১৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে। ইতোমধ্যে দু’জনকে গ্রেফতার করা হলেও অন্যান্য আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে বলে অভিযোগ করেন বক্তারা।
মানববন্ধন শেষে সাংবাদিক নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত আসামিদের গ্রেফতার ও বিচারপ্রক্রিয়া দৃশ্যমান না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে আরো বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কাওছার, সিনিয়র সাংবাদিক ইঞ্জিনিয়ার আফজালুর রহমান, সাংবাদিক জাহিদ সুমন, আবু সাঈদ, আনিসুর রহমান, আব্দুল কাদের, রনজিৎ বর্মন, দৈনিক সংগ্রাম প্রতিনিধি হুসাইন বিন আফতাব, এস এম মিজানুর রহমান, মাহমুদুল ফিরোজ বাবুল, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী ইসলাম ইমন এবং রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ রুবেলসহ অন্যরা।



