ঢাকা বিভাগের ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মারুফা আক্তার।
সোমবার (২ মার্চ) দুপুরে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের’ আয়োজিত অনুষ্ঠানে ‘শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী’ হিসেবে এ পুরস্কার লাভ করেন তিনি।
অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব। স্মারকের পাশাপাশি সনদ ও ২৫ হাজার টাকা সম্মানী প্রদান করা হয়।
জানা যায়, ঢাকা বিভাগের ১৩টি জেলার শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারীদের মধ্যে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে সম্মাননা প্রদান করা হয়। জেলা পর্যায়ে পাঁচটি ক্যাটাগরীতে অদম্য নারী পুরষ্কার প্রাপ্ত নারীদের প্রত্যেক ক্যাটাগরী থেকে শ্রেষ্ঠ একজন নির্বাচিত করে আজ সম্মাননা প্রদান করা হয়।
এ বিষয়ে মারুফা আক্তার বলেন, ‘ঢাকা বিভাগ থেকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ নির্বাচিত হওয়াটা কল্পনাতীত ছিলো। আজ প্রথমবারের মতো আমার মনে হচ্ছে আমি আমার বাবা-মাকে গর্বিত করেছি। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আমার এ অর্জন শুধু আমার নয় সকল মুন্সিগঞ্জ বাসীর।’
প্রসঙ্গত, এর আগে জেলা পর্যায়ে ‘শ্রেষ্ট অদম্য নারী’ পুরষ্কার পেয়েছিলেন তিনি।



