কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আগমীকাল শুক্রবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুমিল্লায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কুমিল্লার কান্দিররপাড় স্থানীয় একটি মিলনায়তনে সমাবেশ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন কুমিল্লা মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: মজিবুর রহমান ভূঁইয়া। তিনি বলেন, ‘আগামীকাল (শুক্রবার) সকালে কুমিল্লা টাউন হল মাঠে শ্রমিকদের নিয়ে একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।’
তিনি আরো বলেন, ‘সমাবেশে বিশেষ অতিথি থাকবেন কুমিল্লা মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ।’
মজিবুর রহমান বলেন, ‘শ্রমিক কল্যাণ ফেডারেশন ১৯৬৮ সাল থেকে শ্রমিকদের কল্যাণে সারাদেশে কাজ করে যাচ্ছে।’
শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার সভাপতি অধ্যাপক মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার সহ-সভাপতি মাস্টার ছফি উল্লাহ, সেক্রেটারি অ্যাডভোকেট জিল্লুর রহমান, সহ-সেক্রেটারি মাইন উদ্দিন সরকার।
মতবিনিময় সভায় কুমিল্লার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



