বরিশালের মুলাদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড পাইতিখোলা খেয়াঘাটের ব্যবসা প্রতিষ্ঠানে আগুনে ক্ষয়ক্ষতি পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা। এ সময় তারা ক্ষতিগ্রস্তকে সহযোগিতার আশ্বাস দেন।
শুক্রবার (২৭ মার্চ) পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সালেহ, মুলাদী পৌরসভা জামায়াত আমির মো: অধ্যক্ষ হুমায়ুন কবির, মুলাদী পৌরসভা জামায়াত সেক্রেটারি মো: কামাল হোসেন, মুলাদী পৌরসভা ২ নম্বর ওয়ার্ড সভাপতি মো: হাফিজুর রহমান খান সবুজ, মুলাদী ব্যবসায়ী শাখা সভাপতি মো: মাসুম বিল্লাহ ও শ্রমিক কল্যাণ ফেডারেশন মুলাদী উপজেলা সভাপতি মো: আলাউদ্দিন প্যাদা।
এ সময় জামায়াত নেতারা আগুনের ভয়াবহতা দেখে গভীর দুঃখ প্রকাশ করেন। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সাথে কথা বলেন এবং ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার পরামর্শ দেন।
জামায়াতের উপজেলা আমির মাওলানা আবু সালেহ বলেন, ‘বিপদ-আপদ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এই কঠিন সময়ে আমরা ক্ষতিগ্রস্ত ভাইদের পাশে আছি। আমাদের পক্ষ থেকে সব ধরনের মানবিক ও সাংগঠনিক সহযোগিতা অব্যাহত থাকবে।’
নেতারা বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পুনর্বাসন এবং দোকানটি পুনরায় চালু করার জন্য জামায়াতের পক্ষ থেকে সাধ্যমতো আর্থিক ও অন্য সহযোগিতার ব্যবস্থা করা হবে। একইসাথে তারা সরকারের কাছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য ক্ষতিপূরণ ও প্রণোদনার দাবি জানান।



