টঙ্গীতে অটোরিকশা চালককে কুপিয়ে ছিনতাই, থানায় অভিযোগ

গাজীপুরের টঙ্গীতে জনাকীর্ণ এলাকায় দিনদুপুরেই ছিনতাইয়ের কবলে পড়েছেন এক অটোরিকশা চালক। ব্যস্ততম সড়কে প্রকাশ্যে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
টঙ্গী পশ্চিম থানা, গাজীপুর
টঙ্গী পশ্চিম থানা, গাজীপুর |নয়া দিগন্ত

গাজীপুরের টঙ্গীতে জনাকীর্ণ এলাকায় দিনদুপুরেই ছিনতাইয়ের কবলে পড়েছেন এক অটোরিকশা চালক। ব্যস্ততম সড়কে প্রকাশ্যে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীর বেক্সিমকো মোড় এলাকায় এই দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী চালক মো: আল আমিন (২৭) বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আল আমিন তার অটোরিকশা নিয়ে বেক্সিমকো মোড় এলাকা অতিক্রম করার সময় সাকিন (১৯) ও হৃদয় (২১) সহ অজ্ঞাত আরো দুইজন তার পথরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই হৃদয় তাকে শক্ত করে চেপে ধরে এবং সাকিন লোহার রড দিয়ে আল আমিনের মাথায় সজোরে আঘাত করে। এতে তার মাথা ফেটে গুরুতর জখম হয় এবং রক্তক্ষরণ শুরু হয়।

প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে আরো জানা যায়, হামলার একপর্যায়ে ছিনতাইকারীরা অটোরিকশাটি ছিনিয়ে নেয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তারা চালকের পকেটে থাকা নগদ ৮৫০ টাকা ছিনিয়ে নিয়ে বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা আহত আল আমিনকে উদ্ধার করে দ্রুত টঙ্গী জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।

ভুক্তভোগী আল আমিন জানান, ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে অভিযুক্তদের পরিচয় নিশ্চিত হয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। দিনের আলোতে এমন অতর্কিত হামলায় তিনি ও তার পরিবার আতঙ্কিত।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ‘দিনদুপুরে অটোরিকশা চালকের ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’