সখীপুরে মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু

নিহত জয়নাল আবেদীন প্রতিমা বংকী বাজার এলাকার মৃত গুঞ্জর আলীর ছেলে।

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Sakhipur

টাঙ্গাইলের সখীপুরে চার আরোহী নিয়ে বেপরোয়া গতিতে চলা একটি মোটরসাইকেলের ধাক্কায় জয়নাল আবেদীন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা-সখীপুর আঞ্চলিক মহাসড়কের প্রতিমা বংকী মিনি স্টেডিয়ামসংলগ্ন মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন প্রতিমা বংকী বাজার এলাকার মৃত গুঞ্জর আলীর ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, জয়নাল আবেদীন সড়কের পাশ দিয়ে হেঁটে সখীপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় চার আরোহী বহনকারী একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মোস্তফা কামাল জানান, মাথায় গুরুতর আঘাতের কারণে কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

সখীপুর থানার এসআই আবুল কালাম বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।