সিলেটে হাম উপসর্গে ঝরল আরো ৩ শিশুর প্রাণ, মৃত্যু বেড়ে ৩১

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেটে হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭ জনে। এর মধ্যে সর্বোচ্চ ৭৩ জন শনাক্ত হয়েছে সুনামগঞ্জে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
হাম ও হাম উপসর্গ নিয়ে ভর্তি শিশুতে হাসপাতাল পরিপূর্ণ
হাম ও হাম উপসর্গ নিয়ে ভর্তি শিশুতে হাসপাতাল পরিপূর্ণ |নয়া দিগন্ত

সারাদেশের মতো সিলেটেও থামছে না হাম উপসর্গে মৃত্যুর মিছিল। একইসাথে বাড়ছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেটে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩১ জনে।

বুধবার (১৩ মে) এ তথ্য নিশ্চিত করেছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে দুই বছর তিন মাস বয়সী হাফিজা আক্তার সিলেটের কানাইঘাট উপজেলার, এক বছর চার মাস বয়সী রাইসা জান্নাত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ও আট মাস বয়সী আরিয়া জান্নাত একই জেলার ছাতক উপজেলার বাসিন্দা। একইসাথে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২ জন সন্দেহভাজন রোগী।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২১৭ জন সন্দেহভাজন হাম রোগী। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১০ জন ও ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫০ জন ভর্তি আছে।

এছাড়া সুনামগঞ্জ সদর হাসপাতালসহ হবিগঞ্জ ও মৌলভীবাজারের বিভিন্ন হাসপাতালেও রোগীর চাপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৩০ জন রোগী ভর্তি হয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। একই সময়ে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ২৬ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্যে আরো জানা গেছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেটে হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭ জনে। এর মধ্যে সর্বোচ্চ ৭৩ জন শনাক্ত হয়েছে সুনামগঞ্জে।

এদিকে, হাম রোগীদের চাপ বৃদ্ধির কারণে সোমবার (১১ মে) থেকে সিলেট এমএ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ৩২ বেডের একটি হাম ইউনিট চালু করা হয়েছে। নতুন করে বাড়ানো হয়েছে পাঁচ শয্যার পিআইসিইউ ইউনিট। সব মিলিয়ে সিলেটে মোট পিআইসিইউ কেন্দ্রের সংখ্যা এখন ২২।

বুধবার সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর মুনীর রাশেদ জানান, হামের প্রকোপ বেড়ে যাওয়ায় ওসমানী হাসপাতালে স্থান সংকুলান হচ্ছিল না। এজন্য সোমবার নতুন করে ওসমানী হাসপাতালের শিশু ওয়ার্ডে চালু করা হয়েছে একটি বিশেষ ‘হাম আইসোলেশন ইউনিট’। পাশাপাশি পাঁচ শয্যার আইসিইউ বাড়ানো হয়েছে।

সিলেট বিভাগীয় ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক ডা: নুরে আলম শামীম জানান, হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় হামের টিকা ক্যাম্পেইন ২০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। হাম প্রতিরোধে টিকা কার্যক্রমের প্রতি জোর দিতে হবে। টিকা কার্যকর হতে শুরু করলে হামে মৃত্যু সংখ্যা কমে আসবে।