বিএনপির এমপি মনিরুল হক চৌধুরীকে নিয়ে মন্তব্য

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে কুমিল্লায় যুবদল কর্মীর মামলা

এজাহারে আরো উল্লেখ করা হয়- মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য ছড়িয়ে সংসদ সদস্যের রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। তাই বাদী মামলাটি করেছেন।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
এমপি মনিরুল হক চৌধুরী ও মুফতি ফয়জুল করীম (বাঁ দিক থেকে)
এমপি মনিরুল হক চৌধুরী ও মুফতি ফয়জুল করীম (বাঁ দিক থেকে) |নয়া দিগন্ত

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে কুমিল্লায় মামলা করা হয়েছে।

কুমিল্লার সদর দক্ষিণের বল্লভপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জালাল আহমেদ খোকন তালুকদার বাদী হয়ে শনিবার (২০ জুন) সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি দায়ের করেন।

বুধবার (২৪ জুন) মামলা দায়েরের খবর প্রকাশ্যে আশে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলায় মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ছাড়াও সদর দক্ষিণ এলাকা বাসিন্দা কাদের মিয়াজীর নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়।

বাদী জালাল আহমেদ খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দাবি করলেও মহানগর যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে যুবদলের কোনো স্তরেরই তিনি সদস্য নন।

কুমিল্লা মহানগর যুবদলের সদস্যসচিব রোমান হাসান বলেন, ‘জালাল আহমেদ খোকন তালুকদার যুবদলের কেউ নন। তিনি আগে যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।’

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১৯ জুন বিভিন্ন ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে কটূক্তি, বিদ্রুপ এবং মানহানিকর বক্তব্য প্রচার করা হয়। একটি ইউটিউব ভিডিওতে সংসদ সদস্যের দাড়ি, টুপি ও পোশাক নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করা হয়েছে। এছাড়া একটি ফেইসবুক আইডি থেকে সংসদ সদস্যের ছবি ব্যবহার করে তাকে ‘গুপ্ত আওয়ামী লীগ নেতা’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দিয়ে পোস্ট দেয়া হয়।

এজাহারে আরো উল্লেখ করা হয়- মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য ছড়িয়ে সংসদ সদস্যের রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। তাই বাদী মামলাটি করেছেন।

এ বিষয়ে কুমিল্লা মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি এম এম বিলাল হোসাইন বলেন, ‘মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে দায়ের করা মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আমরা মনে করি। বিষয়টি আমরা আইনগতভাবে মোকাবিলা করব।

মামলা দায়েরের বিষয়ে জানতে চাইলে জালাল আহমেদ খোকন তালুকদার বলেন, ‘তিনি যুবদলেরই কর্মী এবং কুমিল্লা মহানগর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

বিএনপির সংসদ সদস্য এবং তার নেতার মানহানি হওয়ায় তিনি এই মামলাটি করেছেন।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে মামলাটি গ্রহণ করা হয়েছে।’