মাদকদ্রব্য উদ্ধারে দেশসেরার স্বীকৃতি পেয়েছে ময়মনসিংহ জেলা পুলিশ। এ অর্জনের স্বীকৃতি হিসেবে পুলিশ সপ্তাহ-২০২৬ -এর পুরস্কার নেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
মঙ্গলবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে আয়োজিত অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো: আলী হোসেন ফকিরের হাত থেকে এ পুরস্কার নেয়া হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল—এ চার মাসে মাদকবিরোধী অভিযানে ময়মনসিংহ জেলা পুলিশ মোট ৪০৮টি মামলা করেছে। এসব মামলায় ৬৯৬ জনকে আসামি করা হয়েছে। একই সময়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, যার আনুমানিক বাজারমূল্য তিন কোটি ৬৯ লাখ পাঁচ হাজার ৮৫০ টাকা।
মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারিতে ১০৩টি মামলায় ১৫৬ জন, ফেব্রুয়ারিতে ৮৮টি মামলায় ১২৪ জন, মার্চে ১১৪টি মামলায় ২১৪ জন এবং এপ্রিলে ১০৩টি মামলায় ২০২ জনকে আসামি করা হয়েছে।
চার মাসে উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ৭৯ হাজার ২২২টি ইয়াবা ট্যাবলেট, ৪৬৬ দশমিক পাঁচ গ্রাম হেরোইন, ১৮৬ কেজি ২০১ গ্রাম গাঁজা, ৪০টি গাঁজা গাছ, ১৪ বোতল ফেনসিডিল, দুই হাজার ৯৭১ লিটার দেশীয় মদ, ৪০০ লিটার ওয়াশ, ৫২৪ বোতল বিদেশি মদ, এক হাজার ৩৭৫টি অ্যাম্পুল ইনজেকশন এবং ৭১৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট।
এর মধ্যে শুধু জানুয়ারি মাসেই উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য ছিল এক কোটি এক লাখ ৮৩ হাজার টাকা।
পুলিশের দাবি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলার সব থানা ও ইউনিট সমন্বিতভাবে কাজ করেছে। নিয়মিত অভিযান, গোয়েন্দা তৎপরতা জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির ধারাবাহিক কার্যক্রমের ফলেই এ সাফল্য এসেছে।
ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা চলবে। এ অর্জন জেলার সব পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল।’
পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘এ স্বীকৃতি ময়মনসিংহ জেলা পুলিশের প্রতিটি সদস্যের নিষ্ঠা, সাহস ও কঠোর পরিশ্রমের ফল। মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে আমরা বদ্ধপরিকর।’



