প্রধানমন্ত্রীর আগমনে নিরাপত্তার চাদরে মোড়ানো ত্রিশাল

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ, র‍্যাব ও এসএসএফ সদস্যদের সতর্ক উপস্থিতিতে পুরো এলাকা এখন কার্যত কঠোর নিরাপত্তা বলয়ে আবদ্ধ।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
নিরাপত্তা বলয়
নিরাপত্তা বলয় |নয়া দিগন্ত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য ময়মনসিংহের ত্রিশালে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তী উৎসব। কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৩ থেকে ২৫ মে পর্যন্ত আয়োজিত এই উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে ত্রিশালজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ, র‍্যাব ও এসএসএফ সদস্যদের সতর্ক উপস্থিতিতে পুরো এলাকা এখন কার্যত কঠোর নিরাপত্তা বলয়ে আবদ্ধ।

প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ত্রিশালের নজরুল মঞ্চে আনুষ্ঠানিকভাবে জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি ঢাকা থেকে সড়কপথে ত্রিশালে এসে বৈলর ইউনিয়নের কানহর বাজার এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন।

পরে দরিরামপুর নজরুল অ্যাকাডেমি প্রাঙ্গণে তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। অনুষ্ঠান শেষে নজরুল অডিটোরিয়ামে জেলা, মহানগর ও বিভাগীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কজুড়ে টাঙানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। নজরুল একাডেমি প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল, পাশাপাশি বসেছে নজরুল মেলা।

ত্রিশালবাসীর প্রত্যাশা, এই সফরে উপজেলাবাসীর জন্য বিশেষ উন্নয়ন ঘোষণা আসতে পারে। স্থানীয়দের দাবির মধ্যে রয়েছে ‘নজরুল সিটি’ বাস্তবায়ন, ত্রিশালকে শিল্পনগরী হিসেবে গড়ে তোলা এবং কারিগরি শিক্ষার প্রসারে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন।

ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা: মাহবুবুর রহমান লিটন বলেন, ‘২০০৪ সালে তৎকালীন সরকার ত্রিশালবাসীকে একটি বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছিল। এবারও বর্তমান প্রধানমন্ত্রীর কাছ থেকে ব্যতিক্রমধর্মী উন্নয়ন ঘোষণা প্রত্যাশা করছি।’

তিন দিনব্যাপী এ উৎসবজুড়ে থাকবে নানা সাংস্কৃতিক আয়োজন। জাতীয় ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মুখর থাকবে পুরো এলাকা। পাশাপাশি প্রায় পাঁচ শতাধিক স্টল নিয়ে বসেছে মেলা ও বইমেলা। কবি-সাহিত্যিক ও নজরুলপ্রেমীদের পদচারণায় ইতোমধ্যেই প্রাণ ফিরে পেয়েছে ত্রিশাল