সোনাগাজীতে জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা

শনিবার সকালে ফেনীর সোনাগাজী পৌর শহরের হারবি কাবাব রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

Location :

Feni
জামায়াতের মতবিনিময় সভা
জামায়াতের মতবিনিময় সভা |নয়া দিগন্ত

ফেনী-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা: ফখরুদ্দিন বাণিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১জানুয়ারি) সকালে জেলার সোনাগাজী পৌর শহরের হারবি কাবাব রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ফখরুদ্দিন মানিক সাংবাদিকদের বলেন, ‘আপনারা জাতির বিবেক। আপনাদের কাছে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ জাতি প্রত্যাশা করে। সব ভয়-ভীতি উপেক্ষা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সত্য সংবাদ জাতির সামনে তুলে ধরবেন। প্রতি মুহূর্তে এটাই জাতির প্রত্যাশা। সোনাগাজীর যে সমস্যাগুলো রয়েছে, প্রতিটি সমস্যা আমি আমার নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করেছি। আপনাদের ভোটে যদি আমি নির্বাচিত হই, সেই সব সমস্যাগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করার চেষ্টা করব।’

তিনি আরো বলেন, ‘৫ আগস্ট আমাদের যে ভাইয়েরা জীবন দিয়েছে পরিবর্তনের জন্য, আমরা সে পরিবর্তন ‘হ্যা’ ভোটের মাধ্যমে জয়যুক্ত করে দেশে রাজনীতি ও সংস্কৃতির ক্ষেত্রে আমূল পরিবর্তন আনব। নির্ভয়ে সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন। ভয়-ভীতির যে ফ্যাসিজম আমাদের সমাজ ব্যবস্থায় কায়েম ছিল, সেটি ৫ আগস্ট স্বৈরশাসককে পালিয়ে যেতে বাধ্য করার মধ্য দিয়ে শেষ হয়ে গেছে। নতুন বাংলাদেশে আমরা আর কোনো ফ্যাসিজম দেখতে চাই না।’

তিনি বলেন, ‘আমি আপনাদের কথা দিচ্ছি দাঁড়িপাল্লা প্রতীক যদি নির্বাচিত হয়, তাহলে দায়িত্ব ও জবাবদিহিতার মানসিকতা নিয়ে আমি জনসেবা করব। আপনাদের পাশে থাকব। সোনাগাজী ও দাগনভূঞাকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত শান্তির জনপদে রূপান্তরিত করব।’

সোনাগাজী উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, সোনাগাজী উপজেলার নির্বাচনী সমন্বয়ক ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আবু বক্কর সিদ্দিক মানিক, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ এনামুল হক মুসা, খেলাফতে মজলিসের সোনাগাজী উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রহমান, এনসিপির সোনাগাজী উপজেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, এবি পার্টির সোনাগাজী উপজেলা সদস্যসচিব ওয়াসিউর রহমান খসরু, সোনাগাজী পৌর জামায়াতের আমির মাওলানা কালিমুল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার এস এম বদরুদ্দোজা, পৌর জামায়াতের সেক্রেটারি মহসিন ভূঁইয়া প্রমুখ।