ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্লিপার বাসে আগুন, প্রাণে রক্ষা পেলেন যাত্রীরা

ট্রাককে পেছন ধাক্কায় দিলে স্লিপার বাসে আগুন লেগে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের ধারণা, ইঞ্জিন গরম থাকায় আগুন লাগতে পারে।

Location :

Daudkandi
মহাসড়কের দাউদকান্দি টাইমটা অংশে আগুনে পুড়ে যাওয়া রয়েল কক্স বাস
মহাসড়কের দাউদকান্দি টাইমটা অংশে আগুনে পুড়ে যাওয়া রয়েল কক্স বাস |নয়া দিগন্ত

মোহাম্মদ হানিফ খান, দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী স্লিপার বাসে আগুন লেগে বাসটি পুরোপুরি পুড়ে গেছে। এতে বাসের চালক-স্টাফসহ বাসের ৩০ জন যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টামটা অংশে রিলায়েবল সিএনজি পাম্পের পাশে এ ঘটনা ঘটে।

পাম্প, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোররাত সাড়ে ৪টার দিকে ঢাকাগামী একটি ট্রাককে পেছন থেকে রয়েল কক্স স্লিপার নামে একটি বাস ধাক্কা দেয়। এতে বাসটিতে আগুন লেগে যায়। ধীরে ধীরে আগুনের মাত্রা বাড়ার কারণে চালক-স্টাফসহ বাসের সকল যাত্রীরা কেউ দরজা দিয়ে আবার অনেকেই গ্লাস ভেঙে বেড়িয়ে আসেন।

রিলায়েবল সিএনজি পাম্পের ম্যানেজার আরিফুল ইসলাম বলেন, ‘আমাদের পাম্পের কাছে আগুন লাগার ঘটনায় আমরা স্টাফ ও নিরাপত্তা কর্মীরা হতবিহ্বল হয়ে যাই। তবে আল্লাহর রহমতে পাম্পটি রক্ষা পেয়েছে।’

দাউদকান্দি ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর এরশাদ হুসাইন বলেন, ‘আমরা আগুন লাগার খবর পেয়ে ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছি। আহতদের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছাতে সহযোগিতা করি।’

তিনি জানান, কক্সবাজার থেকে বাসটি ঢাকা পৌঁছার মাত্র ৬২ কিলোমিটার দূরত্বে ছিল। এ সময় সামনে থাকা ট্রাকের সাথে বাসটির ধাক্কা লাগে। ইঞ্জিন গরম থাকায় আগুন লাগতে পারে।

রয়েল কক্স বাস সার্ভিসের ঢাকা অফিসের অপারেটর আল রিয়াদ জানান, বাসটিতে ৩০টি সিট রয়েছে, আগুন লাগার খবর পেয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

দাউদকান্দি ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারুক ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমাদের টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেছে।’

তিনি জানান, আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে ও পুড়ে যাওয়া বাসটি থানার ডাম্পিং এ রাখা হয়েছে।