জামালপুর প্রতিনিধি ও বকশীগঞ্জ সংবাদদাতা
জামালপুরের বকশীগঞ্জে এক গৃহবধূকে গণধর্ষণের মামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকেলে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিদের বাড়ি বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত ইদ্রিস আলী নামে এক আসামিকে খালাস প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৫ সালের ২৫ মে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের মাঞ্জালিয়া গ্রামের এক গৃহবধূকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ পরদিন বকশীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম, রাশেদুর রহমান ওরফে পাপ্পু, বিজু মিয়া, বাদশা মিয়া, জসিম উদ্দিন, আসমত ও জুয়েল মিয়াকে মৃত্যুদণ্ড প্রদান করেন। একইসাথে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।


