খুলনা নগরীর খানজাহান আলী থানার আফিল গেটে ট্রাকের ধাক্কায় ট্রেনের তিন বগি লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনায় একজন নিহত ও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সংঘর্ঘের পর থেকে সারাদেশের সাথে খুলনার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
সোমবার (১৪ জুলাই) রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান বলেন, ‘রাত সোয়া ৮টার দিকে চাপাইনবাবগঞ্জ থেকে মহানন্দা ট্রেনটি খুলনা আসছিল। এ সময় একটি ট্রাক ট্রেন লাইনের ওপর উঠে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর তিনি জানেন না। গেটম্যান ওহেদুল পলাতক আছে।’
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, ‘আফিল গেট বাইপাস সড়ক রেল ক্রসিংয়ে একটি ট্রাক উঠে পড়লে তার স্টার্ট বন্ধ হয়ে যায়। এ সময় খুলনার দিকে আসা ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যায় এবং ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের অনেকে আহত হন। তবে এ ঘটনায় একজন বয়স্ক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ওই ব্যক্তি মারা গেছেন বলে শুনেছি।’
খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার জাকির হোসেন বলেন, ‘মহানন্দা এক্সপ্রেস খুলনায় আসার পথে আফিল গেট ক্রসিংয়ে দুর্ঘটনার শিকার হয়। একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা হয়েছে। রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রার অপেক্ষায় থাকা সুন্দরবন এক্সপ্রেস কিছু দেরিতে যাত্রা শুরু করবে।’
রাত ১০টায় খুমেক হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ইমারজেন্সি মেডিক্যাল অফিসার (ইএমও) ডা: আশরাফ হোসেন বলেন, ‘রাত ১০টা পর্যন্ত আহত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আনুমানিক ৬০ থেকে ৬৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির লাশ জরুরি বিভাগে পড়ে আছে। তার কাছে থাকা মোবাইলে কল এলে তার স্বজনরা হাসপাতালে আসার কথা জানিয়েছেন।’



