নারায়ণগঞ্জ প্রতিনিধি ও সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জের সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুজনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এক আদেশে তাদের নিজ নিজ থানা থেকে প্রত্যাহার করে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন সদর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম এবং সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক। তাদের প্রত্যাহারের পর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
তবে কী কারণে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।
তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এই প্রত্যাহারের আদেশ জারি করা হয়েছে।’
এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ পরিদর্শক এ এইচ এম সালাউদ্দিন।
গত ২ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে এ থানার কার্যভার গ্রহণ করেন। এর আগে রূপগঞ্জ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন মো: সবজেল হোসেন। তাকে বদলি করা হলে তার স্থলাভিষিক্ত হন সালাউদ্দিন।



