থানচিতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক

সকালে থানচির শেরকরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে থানচি থানায় হস্তান্তর করা হয়েছে।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
অস্ত্রসহ গ্রেফতার কেএনএফ সদস্য যৌথান বম
অস্ত্রসহ গ্রেফতার কেএনএফ সদস্য যৌথান বম |নয়া দিগন্ত

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) যৌথান বম (৫২) নামে এক সদস্যকে আটক করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকালে থানচির শেরকরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে থানচি থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতার যৌথান বম সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শেরকর পাড়ার গ্রামে লালপিয়ান বমের ছেলে।

জানা গেছে, কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) -এর সদস্যরা রুমা ও থানচির দুর্গম এলাকায় অবস্থান করছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে গত ২৮ জুন থেকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে।

অভিযান চলাকালে বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনাও ঘটে।

এরই ধারাবাহিকতায় শনিবার সকালে থানচির শেরকরপাড়া এলাকায় অভিযান পরিচালনার সময় কেএনএফ সদস্য যৌথান বমকে একটি অস্ত্রসহ আটক করা হয়।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সেনাবাহিনী থানচির দুর্গম এলাকা থেকে অস্ত্রসহ কেএনএফের এক সদস্যকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।’