সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সারোয়ার মুর্শেদ শামীম।
শনিবার (১ আগস্ট) বিকেল ৪টায় সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে এসএমপির পক্ষ থেকে তাকে আন্তরিক অভ্যর্থনা জানানো হয়।
বিমানবন্দর থেকে পুলিশ অফিসার্স মেসে পৌঁছালে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে এসএমপির একটি চৌকস দল নবনিযুক্ত কমিশনারকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে। এসময় তিনি কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
এরপর সন্ধ্যায় তিনি হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করেন এবং মাজার মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। পরে এসএমপি সদর দফতরে গিয়ে বিভিন্ন শাখার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সদর দফতরে এসময় বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নগর পুলিশের কার্যক্রম, দায়িত্ব ও পারস্পরিক সমন্বয় নিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন নবনিযুক্ত কমিশনার।
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মু: মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনারসহ এসএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রোববার (২৬ জুলাই) সিলেট ত্যাগ করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিদায়ী পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। রোববার রাত সাড়ে ৮টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গত সোমবার (২৭ জুলাই) নতুন কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম যোগদানের কথা থাকলেও সকালে তার শাশুড়ির ইন্তেকালের কারণে যোগদান করতে পারেননি। শেষ পর্যন্ত গত শনিবার যোগদান করেন তিনি।



