মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুইদিন আগে নিখোঁজ হওয়া কিশোর জুনায়েদ মিয়ার (১৪) লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার ভূনবীর ইউনিয়নের বাদে আলিসারকুলের কামারপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে আলিসারকুল গ্রামের দুবাই প্রবাসী রমিজ মিয়ার ছেলে।
রোববার (২৯ মার্চ) রাত ৮টার দিকে কিশোর জুনায়েদের লাশ পাওয়া যায়। এর আগে শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বাড়ির সামনে থেকে সে নিখোঁজ হয়। এর পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার প্রবাসী বাবা প্রথমে লাইভ করে সন্তানের সন্ধান চান। পরে বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচার হয়। অবশেষে নিখোঁজের দুইদিন পর তার লাশ পাওয়ায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
লাশ পাওয়ার পর তার বাবা আবার ফেসবুক লাইভে এসে কয়েকজনের নাম উল্লেখ করে এদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের কাছে দাবি জানান। সেই সাথে স্থানীয় সংসদ সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।
এদিকে, নির্মম এই ঘটনায় পর পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। সেই সাথে হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে রোববার রাত সাড়ে ১০টার দিকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি এবং এ নিয়ে কাজ করতেছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’



