ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে এক হাজার লিটার চোলাইমদসহ দম্পতি মাদককারবারি গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৯ জুলাই) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম। এর আগে, রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া এলাকা তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, রাঙ্গামাটির জুরাইছড়ি উপজেলার জুরাইছড়ি লেবারপাড়া এলাকার মুংসসিং মারমার ছেলে সুমন মারমা (৪৫) ও তার স্ত্রী কালাবি চাকমা (৩৮)। তারা আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া এলাকায় মরহুম আবু বক্কর সিদ্দিকের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
ডিবি সূত্র জানায়, শনিবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে ঢাকার আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া এলাকায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শেখ মো: মাসুদ আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে একটি বাসা থেকে এক হাজার লিটার চোলাইমদ উদ্ধার করে। এ সময় সুমন ও তার স্ত্রী কালাবিকে গ্রেফতার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ‘মাদককারবারের সাথে জড়িত কেউই আইনের ঊর্ধ্বে নয়। সাধারণ মানুষের সহযোগিতায় মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করছি। মাদক উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান আরো জোরদার করা হয়েছে।’



