কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির ‘টিয়া মাছ’

পায়রা বন্দরের শেষ বয়া এলাকায় মাছ শিকারে গেলে আবু সালেক (৪০) নামের এক জেলের জালে এ মাছগুলো ধরা পড়ে।

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Patuakhali
‘টিয়া মাছ’ বা প্যারট ফিশ
‘টিয়া মাছ’ বা প্যারট ফিশ |নয়া দিগন্ত

পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে ধরা পড়েছে বিরল প্রজাতির চারটি ‘টিয়া মাছ’ বা প্যারট ফিশ।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাছগুলো আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হলে তা দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। বুধবার রাতে পায়রা বন্দরের শেষ বয়া এলাকায় মাছ শিকারে গেলে আবু সালেক (৪০) নামের এক জেলের জালে এ মাছগুলো ধরা পড়ে।

চারটি মাছের মোট ওজন পাঁচ কেজি। পরে বড় পোয়া মাছের সাথে নিলামে অংশ নিয়ে স্থানীয় এক পাইকারি ব্যবসায়ী আব্দুল্লাহ ৫০০ টাকা কেজি দরে মাছগুলো কিনে নেন।

আবু সালেক চট্টগ্রামের বাঁশখালী থেকে একটি ট্রলার নিয়ে ১৭ জন জেলেসহ গভীর সাগরে মাছ ধরতে গিয়েছিলেন।

স্থানীয়ভাবে মাছগুলোকে ‘টিয়া মাছ’ নামে ডাকা হলেও এর বৈজ্ঞানিক নাম Scarus zufar. বাংলাদেশে মাছটি খুব একটা দেখা যায় না।

মৎস্য বিভাগ জানায়, সাধারণত মাছটি ওমানসহ দক্ষিণ উপকূলীয় পানিসীমায় পাওয়া যায় এবং ১৯৯৫ সালে প্রথম শনাক্ত হয়।

মৎস্য বিভাগ মনে করছে, বঙ্গোপসাগরের পরিবেশগত পরিবর্তন ও জলপ্রবাহের কারণে মাছটি বাংলাদেশ উপকূলে ভেসে আসতে পারে।