সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী জেলার ২৬ পরিবহন শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার (১৮ মে) বিকেলে নগরীর দক্ষিণ সুরমা প্যারাইরচক ট্রাক টার্মিনালস্থ সংগঠনের কার্যালয়ে এক অনুষ্ঠানে এই অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা ট্রাক, পিকাপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত বিভিন্ন শ্রমিক উপ-কমিটির মৃত্যুবরণকারী ২৬ শ্রমিক পরিবারকে ইউনিয়নের কল্যাণ তহবিল থেকে নগদ ৪০ হাজার টাকা করে মোট ১০ লাখ ৪০ হাজার টাকা প্রদান করা হয়।
সিলেট জেলা ট্রাক, পিকাপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী আবু সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম আহমদ লস্করের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি ট্রাফিক) সুদীপ্ত রায়।
প্রধান অতিথির বক্তব্যে সুদীপ্ত রায় বলেন, ‘পরিবহন শ্রমিকরাও রাষ্ট্রের অংশ। আমরা সকল জনগণই একে অপরের পরিপূরক। দেশ-জাতি ও সমাজকে গড়তে সকলের সমন্বয় প্রয়োজন। সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশ কাজ করছে। পরিবহন শ্রমিক ভাইদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়।’
তিনি আরো বলেন, ‘নিহত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়িয়ে পরিবহন শ্রমিক সংগঠন আজ যে মহৎ উদ্যোগ নিয়েছে সেটি নিঃসন্দেহে সময়োপযোগী উদ্যোগ। এর ধারাবাহিকতা রক্ষা করতে হবে। রাষ্ট্র ও জনগণের যেকোনো প্রয়োজনে পুলিশ সর্বদা পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।’
সভাপতির বক্তব্যে আবু সরকার বলেন, ‘পরিবহন শ্রমিকরা হচ্ছে সমাজের সবচেয়ে বেশি অবহেলিত জনগোষ্ঠী। একজন পরিবহন শ্রমিকের মৃত্যুর সাথে একটি পরিবারের স্বপ্নের মৃত্যু ঘটে। তাই মৃত্যুবরণকারী পরিবহন শ্রমিকদের পরিবারের জন্য সরকারী বেসরকারি সহযোগিতা প্রয়োজন। কিন্তু তাদের পরিবার এই সহযোগিতা থেকে বঞ্চিত।’
তিনি আরো বলেন, ‘নিহত ২৬ শ্রমিক পরিবারের জন্য জেলা ট্রাক, পিকাপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান একটি মহৎ উদ্যোগ। সরকারের সহযোগিতা পেলে আমরা এর পরিধি আরো বৃদ্ধি করতে পারব।’
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি কাউছার আহমদ, সহ-সভাপতি শরীফ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমদ স্বপন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মাছুম আহমদ, দফতর সম্পাদক বিলাল উদ্দিন, কোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদল, কার্যকরী সদস্য কামাল হোসেন, আব্দুল জলিল, আব্দুল করিম, ইলিয়াস আহমদ, আলেখ আহমদ সুহেল, প্রবীণ শ্রমিক নেতা মহসিন মিয়া, ইউসুফ, মন্তাজ মিয়া প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে জেলা ট্রাক, পিকাপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আওতাধীন বিভিন্ন উপ-কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



