ময়মনসিংহে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) বিকেল ৩টার দিকে নগরীর একটি অডিটোরিয়ামে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ‘মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬’ সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশন ময়মনসিংহের চেয়ারম্যান ডা: ফাউযান আব্দুর রহমান এবং সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক মাজহারুল ইসলাম। এতে সংগঠনের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম আরো বিস্তৃত করা প্রয়োজন।’
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক ড. আহসান হাবিব ইমরোজ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘মেধার পাশাপাশি নৈতিকতা ও আদর্শিক মূল্যবোধ অর্জন করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আতিকুল রহমান প্রামানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রায় শতাধিক মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তির আওতায় শিক্ষার্থীদের ট্যাব, সাইকেল ও নগদ অর্থ দেয়া হয়, যা তাদের শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করবে।
বক্তারা বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও প্রণোদনা প্রদান জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের এ উদ্যোগ প্রশংসনীয় ও ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।



