রাজশাহী বিভাগের সকল ভূমি অফিসে সাধারণ মানুষের ভোগান্তি ও হয়রানি রোধে নতুন সেবা কার্যক্রম চালু করা হয়েছে। সহজ ও দ্রুত সময়ে ভূমি সংক্রান্ত সেবা নিশ্চিত করতে এবং অভিযোগের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে নগরীর বড়কুঠি বোয়ালিয়া ভূমি অফিসে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম।
উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, ‘ভূমি অফিসে সেবা নিতে গিয়ে এখনো অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। এই হয়রানি বন্ধ করে মানুষ যেন দ্রুত ও সহজে তাদের কাঙ্ক্ষিত সেবা পায়, সেটিই আমাদের মূল লক্ষ্য।’
তিনি আরো বলেন, ‘নতুন এই সেবার মাধ্যমে সেবাগ্রহীতারা যেকোনো ভূমি অফিসে সহজেই তাদের অভিযোগ দাখিল করতে পারবেন। প্রতিটি অভিযোগ সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করা হবে এবং যথাযথ তদন্তের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আশা করছি এতে করে হয়রানিমুক্ত পরিবেশে জনগণের কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তি নিশ্চিত হবে।’
জেলা প্রশাসক সাধারণ মানুষের মধ্যে এ সেবার বিষয়ে ব্যাপক প্রচারের আহ্বান জানান। তিনি বলেন, ‘মানুষ যদি এই সেবা সম্পর্কে জানে, তবে তারা সহজেই ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান পাবে এবং সেবা গ্রহণে আর কোনো বাধার সম্মুখীন হবে না।’
জানা গেছে, রাজশাহী বিভাগীয় কমিশনারের বিশেষ উদ্যোগে এই কার্যক্রম শুরু হয়েছে, যা পর্যায়ক্রমে বিভাগের প্রতিটি ভূমি অফিসে বাস্তবায়ন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাঈমুল হাছান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মহিনুল হাসান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা অভিজিৎ সরকার, সহকারী কমিশনার (ভূমি) বোয়ালিয়া আরিফ হোসেন ও কানুনগো নিশিথ কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।



