লালমনিরহাটের আদিতমারীতে গণভোটের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেয়ার দায়ে রাকিবুল হাসান নামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ফেসবুকে স্ট্যাটাস দেয়ার এক ঘণ্টার মধ্যে তাকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত রাকিবুল হাসান উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আমরুল হাসান মোল্লার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রাকিবুল হাসান প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক পদ বাতিলের বিষয়টি জানানো হয়। একইসাথে দলীয় নেতাকর্মীদের তাকে এড়িয়ে চলার নির্দেশ দেয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর একটার দিকে রাকিবুল হাসান নিজের ফেসবুক আইডি থেকে ‘টালবাহানা না করে গণভোটের রায় বাস্তবায়ন করেন’ লেখা একটি পোস্ট দেন। পোস্টটি দেয়ার কিছুক্ষণের মধ্যেই তা দলীয় পর্যায়ে আলোচনায় আসে, এবং এক ঘণ্টার মধ্যে তাকে ছাত্রদল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ সিদ্ধান্তে জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদিকুল ইসলাম পাভেল ও সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর খানের অনুমোদন দিয়েছেন।
রাকিবুল হাসান দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। বিশেষ করে চব্বিশের জুলাই আন্দোলনে জেলা শহর ও আদিতমারী এলাকায় তিনি সক্রিয় ভূমিকা রাখেন বলে জানা যায়। এছাড়া ২০২২ সালে বিএনপির আন্দোলনে অংশ নিতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকারও হয়েছিলেন তিনি। এছাড়া দলীয় বিভিন্ন কর্মসূচিসহ স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার নিয়মিত অংশগ্রহণ ছিল।
বহিষ্কারের বিষয়ে নিজের প্রতিক্রিয়ায় রাকিবুল হাসান বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে দলের অবস্থান আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। দশম শ্রেণি থেকে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত আছি। জুলাইয়ের আন্দোলনে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমি মনে করি, এসব ঘটনার বিচার হওয়া উচিত এবং দেশের মানুষের স্বার্থে গণভোট বাস্তবায়ন করা দরকার। কিন্তু জুলাই সনদের পক্ষে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ফেসবুকে পোস্ট দেয়ায় আমাকে বহিষ্কার করা হয়েছে, যা খুবই দুঃখজনক।’



