ঈদের ১৩ দিনে পদ্মাসেতুতে টোল আদায় ৪৪ কোটির বেশি

১৭ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ১৩ দিনে মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে মোট চার লাখ চার হাজার ৮৯২টি যানবাহন পারাপার হয়েছে। এতে করে ক্যাশ, ক্রেডিট ও ইটিসিসহ মোট টোল আদায় হয়েছে ৪৪ কোটি ১২ লাখ ৫৪ হাজার ৪০০ টাকা।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Munshiganj
পদ্মাসেতু
পদ্মাসেতু |নয়া দিগন্ত

পবিত্র ঈদুল ফিতরের সরকারি সাত দিনের ছুটিসহ ঈদযাত্রায় ১৩ দিনে পদ্মা সেতুতে চার লাখ চার হাজার ৮৯২টি যানবাহন পারাপার হয়েছে। এতে এই ১৩ দিনে মোট টোল আয় হয়েছে ৪৪ কোটি ১২ লাখ ৫৪ হাজার ৪০০ টাকা।

ঈদের আগে ১৭ মার্চ থেকে ঈদের পরবর্তী ২৯ মার্চ পর্যন্ত এমন সংখ্যক যানবাহন পারাপার ও টোল আদায় হয়। তবে ২৯ মার্চের পর থেকেই পদ্মাসেতুতে যান চলাচল আগের মতো স্বাভাবিক হয়ে এসেছে বলে নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন সেতু কর্তৃপক্ষের পদ্মাসেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয়।

এবারের ঈদুল ফিতরে প্রকৌশলী আবু সায়াদ নিলয়ের দেয়া সেতুর টোল রিপোর্টের প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৭ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ১৩ দিনে মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে মোট চার লাখ চার হাজার ৮৯২টি যানবাহন পারাপার হয়েছে। এতে করে ক্যাশ, ক্রেডিট ও ইটিসিসহ মোট টোল আদায় হয়েছে ৪৪ কোটি ১২ লাখ ৫৪ হাজার ৪০০ টাকা।

এদিকে ঈদশেষে পদ্মাসেতু কর্তৃপক্ষ কর্মস্থলে ফেরা মানুষের শেষমুহুর্তের যাত্রায় গত ২৮ মার্চ ২৪ ঘন্টায় ৩৬ হাজার ৫২৬টি যানবাহন পারাপারে টোল আদায় করেছে চার কোটি এক লাখ ১৯ হাজার ৯৫০ টাকা। এর আগের দিন গত ২৭ মার্চ ২৪ ঘন্টায় ৩৯ হাজার ৪৬২টি যানবাহন পারাপারে টোল আদায় করে চার কোটি ৩৪ লাখ ৮৩ হাজার টাকা।

একইসাথে ২৯ মার্চ ২৪ হাজার ৯০০ যানবাহন পারাপারে টোল আদায় করেছে তিন কোটি ১৯ লাখ ৪৯ হাজার ৮০০ টাকা। ৩০ মার্চ ২৪ ঘন্টায় সেতু দিয়ে যান পারাপার হয়েছে ২১ হাজার ২২২টি। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৮০ লাখ ২৫ হাজার টাকা।

এর আগে পদ্মা সেতুতে ঈদপূর্ব তিন দিনে যানবাহন পারাপারে ও টোল আদায়ের এক নতুন মাইলফলক অতিক্রম করে পদ্মাসেতু কর্তৃপক্ষ। সেতুতে ১৭ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত তিন দিনে এক লাখ ১৯ হাজার ৬৮২টি যানবাহন পারাপার হয়। এতে তিন দিনে টোল আদায় হয়েছে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকা। অন্যদিকে গেলো বছরের ঈদুল ফিতরের এই একই সময়ে ২৮ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত তিনদিনে ঘরমুখো মানুষের যানবাহন পারাপারের সংখ্যা ছিল এক লাখ ৮০২টি। আর এ সময় সেতুতে টোল আদায় হয়েছে ১২ কোটি ৭৮ হাজার ৪০০ টাকা। ফলে চলতি ঈদে সেতুতে যানবাহন পারাপার ও টোল আয় বেড়েছে।

সেতু কর্তৃপক্ষ সূত্র জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো ও কর্মস্থলে ফেরা মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে গৃহীত সুপরিকল্পিত প্রস্তুতি এবং সমন্বিত ব্যবস্থাপনার ফলে নির্বিঘ্নে সেতু পারাপার হতে পারছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চলাচলকারী যাত্রী ও যানবাহন। ফলশ্রুতিতে এই পরিসংখ্যানগুলো দেশের সড়ক অবকাঠামো ব্যবস্থাপনায় সেতু কর্তৃপক্ষের সক্ষমতা এবং দক্ষতার প্রতিফলন।

সেতু কর্তৃপক্ষ সূত্র আরো জানায়, সংশ্লিষ্ট সড়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নির্দেশনায় এবং সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের সার্বিক তত্ত্বাবধানে ঈদুল ফিতর উপলক্ষ্যে পদ্মাসেতু এলাকায় আগেভগেই গৃহীত বিভিন্ন উল্লেখযোগ্য পদক্ষেপসমূহ নেয়া হয়। এর মধ্যে টোল কালেক্টরদের প্রশিক্ষণ প্রদান, অত্যন্ত দক্ষ টোল কালেক্টরদের নিয়োগ, সার্বক্ষণিক টোল লেন চালুর ব্যবস্থা, মোটরসাইকেল লেন বৃদ্ধি, নন-স্টপ ইটিসি সিস্টেম চালু, মাওয়া বাস-বে উন্মুক্তকরণ, সার্ভেইল্যান্স ক্যামেরার মাধ্যমে উন্নত ট্রাফিক মনিটরিং, উচ্চ পর্যায়ের সার্বক্ষণিক মনিটরিং টিম গঠন, দুর্ঘটনারোধে ব্যবস্থা গ্রহণসহ দ্রুত রেসকিউ কার্যক্রম সম্পন্নকরণ, ইমার্জেন্সি টোল লেন চালু ও ইফতার সামগ্রী বিতরণসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছিল।এতে করে পদ্মা সেতুতে এবারের ঘরমুখো মানুষের ঈদযাত্রায় নির্বিঘ্ন ও স্বস্তিময় লক্ষ্য করা গেছে।