পাহাড়ধসে নিহত লক্ষ্মী বিলাস চাকমার পরিবারকে জামায়াত আমিরের পক্ষে আর্থিক সহায়তা

‘বাংলাদেশ জামায়াতে ইসলামী কেবল মুসলমানদের দল নয়; এটি ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সকল গণমানুষের দল।’

Location :

Bagaichhari
বাঘাইছড়িতে পাহাড়ধসে নিহত লক্ষ্মী বিলাস চাকমার পরিবারকে জামায়াত আমিরের পক্ষে আর্থিক সহায়তা দেয়া হয়
বাঘাইছড়িতে পাহাড়ধসে নিহত লক্ষ্মী বিলাস চাকমার পরিবারকে জামায়াত আমিরের পক্ষে আর্থিক সহায়তা দেয়া হয় |নয়া দিগন্ত

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) সংবাদদাতা

সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে সৃষ্ট পাহাড়ধসে নিহত লক্ষ্মী বিলাস চাকমার শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির কেন্দ্রীয় আমির ডা: শফিকুর রহমানের পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে নগদ পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সহায়তা প্রদানকালে রাঙ্গামাটি জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলীমসহ উপস্থিত নেতৃবৃন্দ নিহতের পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা শূরা সদস্য ও জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট রহমতুল্লাহ, রাঙ্গামাটি জেলা ছাত্রশিবিরের সভাপতি, বাঘাইছড়ি উপজেলা জামায়াতের আমির মাওলানা কবীর আহমেদ, সেক্রেটারি মো: আবসার হোসেন ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুমসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সহায়তা প্রদান অনুষ্ঠানে জেলা আমির অধ্যাপক আব্দুল আলীম বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার জামায়াতের ওপর মামলা-হামলা, গুম-খুন, গ্রেফতারসহ অমানবিক ও পৈশাচিক নির্যাতন-নিপীড়ন চালিয়েছে। এমনকি জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এত নির্যাতনের পরও জামায়াতে ইসলামীকে দমিয়ে রাখা যায়নি। অবশেষে চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী কেবল মুসলমানদের দল নয়; এটি ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সকল গণমানুষের দল। ভবিষ্যতে এ দল রাষ্ট্রীয় দায়িত্বে আসলে মানুষের কল্যাণে এবং অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাবে।’