শ্রীমঙ্গলে জ্বালানি তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড

শনিবার (৭ মার্চ) ইফতারের আগ মুহূর্তে বিকেল ৫টা ৪০ মিনিটে উপজেলার ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও ইউনিয়নের হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা

Location :

Sreemangal

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি জ্বালানি তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের সূত্রপাত তেলের দোকান থেকে হলেও মুহূর্তেই তা আশপাশের আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।

শনিবার (৭ মার্চ) ইফতারের আগ মুহূর্তে বিকেল ৫টা ৪০ মিনিটে উপজেলার ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও ইউনিয়নের হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাতগাঁও ইউনিয়নের ভান্ডারীর আস্তানার সামনে দনাই মিয়ার মালিকানাধীন তেলের দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের অর্জুন ডাক্তারের ঘরসহ আশপাশের আরও কয়েকটি দোকানে।

খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দোকান মালিক দনাই মিয়া আহত হয়েছেন। তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ইউনিটের কর্মকর্তা মো. সুলেমান জানান, শনিবার ইফতারের আগ মুহূর্তে ‘মারুফ এন্টারপ্রাইজ’ নামের একটি জ্বালানি তেলের দোকানে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে মারুফ এন্টারপ্রাইজসহ মোট তিনটি দোকান ভস্মীভূত হয়েছে।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।