বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথম কর্মসূচি হিসেবে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন প্রফেসর ড. মো: ইলিয়াস মোল্লা। তিনি বলেন, ‘মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেয়া আমাদের অঙ্গীকার। স্বাস্থ্যখাতকে আরো শক্তিশালী করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।’
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন মো: ইলিয়াস মোল্লা। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলেন।
পরিদর্শনকালে মো: ইলিয়াস মোল্লা চিকিৎসাসেবার মানোন্নয়ন, ওষুধ সরবরাহ নিশ্চিতকরণ এবং চিকিৎসক-নার্সদের উপস্থিতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং স্বাস্থ্যখাতের সব প্রকার সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: নাজমুল হাসান, হাসপাতালের চিকিৎসক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জামায়াতসহ ১১ দলীয় ঐক্য জোটের নেতাকর্মীরা।



