সুনামগঞ্জের দোয়ারাবাজারে ধানখেত থেকে এক প্রবাসীর ৮ বছর বয়সী শিশু সন্তানের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বিকেলে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নে শ্রীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিবেশী দুই শিশুর সাথে বুধবার হাওরে মাছ ধরতে গিয়েছিলো ওই গ্রামের কোরিয়া প্রবাসী মোস্তাক আহমেদের সন্তান আবদুল্লাহ আল মামুন (৮)। এর তিন ঘণ্টা পর হাওরের ধানখেতে পাওয়া যায় তার রক্তাক্ত লাশ। খবর পেয়ে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, শিশুটির মাথার পেছনের দিকে ও ঘাড়ে একাধিক আঘাতের চিহ্ন আছে।
এই ঘটনার পর গতকাল সন্ধ্যায় শিশুটির বাবা উত্তর কোরিয়া প্রবাসী মোস্তাক আহমদের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে তাকে আহাজারি করতে দেখা যায়।
মোস্তাক আহমদ ভিডিওতে বলেন, আমার মা ও বাবা অসুস্থ। আমার ছেলের খুনিদের ধরার জন্য এলাকাবাসী, প্রশাসন ও পুলিশের কাছে দাবি জানাই।
প্রতিবেশীদের সাথে কথা বলে জানা গেছে, মোস্তাক আহমদ দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন। তার দুই ছেলে ও এক মেয়ে। মামুন সবার বড় ছিল। সে স্থানীয় একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তারিকুল ইসলাম তালুকদার জানান, হাওর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।



