চট্টগ্রাম নগরীর ব্যস্ততম এলাকা চকবাজারে অবৈধ বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ এবং অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
বুধবার (১ এপ্রিল) দুপুরে নগরীর চকবাজার অলিখাঁ মসজিদ মোড় থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন চসিক মেয়র ডা: শাহাদাত হোসেন।
অভিযান চলাকালে সড়ক ও বিভিন্ন স্থাপনায় টানানো অবৈধ বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়। এ সময় মেয়র ডা: শাহাদাত হোসেন নিজের ছবি সম্বলিত একাধিক ব্যানার নিজ হাতে অপসারণ করেন।
এ সময় ফুটপাত দখল করে ব্যবসায়িক মালামাল রাখার বিষয়ে দোকান মালিকদের সতর্ক করা হয়। মেয়র নিজে হেঁটে বিভিন্ন দোকানের সামনে গিয়ে ফুটপাত থেকে মালামাল সরিয়ে নেয়ার নির্দেশ দেন।
মেয়র ডা: শাহাদাত হোসেন বলেন, নগরীর সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় অবৈধ কোনো বিলবোর্ড বা ব্যানার সহ্য করা হবে না। আইন সবার জন্য সমান, আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না।
তিনি বলেন, ফুটপাত পথচারীদের জন্য, এটি দখল করে ব্যবসা পরিচালনা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম অব্যাহত থাকলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন, নগরকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান আরো জোরদার করা হবে। নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে তারা উল্লেখ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে চকবাজার এলাকায় অবৈধ ব্যানার-পোস্টার টানানো ও ফুটপাত দখলের কারণে জনদুর্ভোগ তৈরি হচ্ছিল। চসিকের এ অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেন। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানান।



